১৮ মাস উৎপাদন বন্ধ থাকবে সায়হাম টেক্সটাইলের
- আপডেট: ০৫:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১০২৩৭ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলসের স্পিনিং ইউনিটের উৎপাদন আগামী ১ জুন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করে নিম্নমানের সূতা উৎপাদন হচ্ছে। এছাড়া উৎপাদন কমে যাওয়ার কারণে কোম্পানিটি সূতা উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার ১০ মে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড দুটি ইউনিট পরিচালনা করে। একটি স্পিনিং ইউনিট ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং অন্যটি মেলাঞ্জ ইউনিট, যা ২০১৩ সালে রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। তবে, বিগত কয়েক বছর ধরে সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেডের স্পিনিং ইউনিটটি বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যেমন, নিম্নমানের সুতা উৎপাদন এবং ১৯৯৩ সালে স্থাপিত পুরোনো যন্ত্রপাতির কারণে উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়া, যার ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কোম্পানির পর্ষদ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ড বিএমআরই-কে সুবিধা প্রদানের জন্য যত দ্রুত সম্ভব স্পিনিং ইউনিটের সমস্ত যন্ত্রপাতি নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এইসব কারণে স্পিনিং ইউনিটের উৎপাদন প্রায় ১৮ (আঠারো) মাসের জন্য বন্ধ থাকবে। কারখানা ভবনের পুনর্নির্মাণ, নতুন আধুনিক স্বয়ংক্রিয় স্পিন্ডল যন্ত্রপাতি স্থাপন ও সংস্থাপন, চালুকরণ এবং পরীক্ষামূলক উৎপাদনের জন্য কারখানা বন্ধ থাকবে।
কোম্পানিটি আরও জানায়, বিএমআরই বাস্তবায়নের পর প্রকল্পটির উৎপাদন ক্ষমতা বর্তমান ক্ষমতার তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে টার্নওভার এবং লাভজনকতাও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে।
ঢাকা/এসএইচ


































