নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে
- আপডেট: ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১০১৭৮ বার দেখা হয়েছে
পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বিশ্বকাপে। ফুটবলের সেরাদের মহাযজ্ঞে অংশগ্রহণ করতে পারাটাই দ্বীপরাষ্ট্রটির জন্য বড় ব্যাপার, তারওপর গ্রুপে আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আর উরুগুয়ে, আরেক সঙ্গী গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব। ফলে গ্রুপ পর্বে কেপ ভার্দে কত গোল খাবে সেটিই ছিল দেখার বিষয়। কিন্তু প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই রূপকথার জন্ম দিলো কেপ ভার্দে। জায়গা করে নিলো নকআউট পর্বে।
শনিবার (২৭ জুন) হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দে। আর এই ড্রয়েই ইতিহাস গড়েছে পশ্চিম আফ্রিকার দলটি। টানা তিন ড্রয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে শেষ ৩২–এ। দিনের আরেক ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে উরুগুয়ের।
স্পেন, উরুগুয়ের পর সৌদি আরবের সঙ্গে ড্র করে ৩ পয়েন্ট অর্জন করেছে কেপ ভার্দে, যা যথেষ্ট ২ পয়েন্ট পাওয়া উরুগুয়েকে টপকে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে। শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
গ্রুপ এইচে রানার্স আপ হওয়া কেপ ভার্দে রাউন্ড অব ৩২–এ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
গ্রপ জে’তে এক রাউন্ড বাকি থাকলেও এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। টুর্নামেন্টের ফিক্সশ্চার অনুযায়ী, এইচ গ্রুপের রানার্স আপের সঙ্গে রাউন্ড অব ৩২–এ মুখোমুখি হবে গ্রুপ জে’র চ্যাম্পিয়ন দল। আর সে হিসেবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কেপ ভার্দেকে পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যেকোনো এক দল। আগামীকাল (২৮ জুন) এই দুই দলের মুখোমুখি লড়াই শেষে যারা গ্রুপের রানার্স আপ হবে, তারাই হবে স্পেনের প্রতিপক্ষ। অন্যদিকে গ্রুপ পর্বে শতভাগ জয় নিশ্চিত করতে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ঢাকা/আরএইচ







































