বিনিয়োগকারীদের টাকা ক্লিয়ারিং হাউজে রাখতে চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব
- আপডেট: ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করতে এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী চীনা কনসোর্টিয়াম বিনিয়োগকারীদের অর্থ ক্লিয়ারিং হাউজে রাখার প্রস্তাব দিয়েছে। তাদের এ প্রস্তাব ডিএসই থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। সোমবার (১২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সম্প্রতি বানকো সিকিউরটিজ এবং ক্রেস্ট সিকিউরিটিজে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাত হয়। এ ঘটনার পর ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ নড়েচড়ে বসে। তারা প্রথমে বিনিয়োগকারীদের অর্থ ক্লিয়ারিং হাউজে রাখার প্রস্তাব করে ডিএসইকে। ডিএসই পর্ষদ সভায় বিষয়টি আলোচনার পর কমিশনে পাঠায়। চীনের কৌশলগত বিনিয়োগকারী মনে করছে, বিনিয়োগকারীদের টাকা ক্লিয়ারিং হাউজে রাখা হলে নিরাপদ থাকবে। তাতে ব্রোকারেজ হাউজগুলো চাইলেই এ অর্থ আত্মসাত করতে পারবে না।
বিএসইসি সূত্রে জানা গেছে, কৌশলগত বিনিয়োগকারীর দেওয়া প্রস্তাবটি গুরুত্ব সহকারে দেখবে কমিশন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলবে বিএসইসি। এছাড়া, এ বিষয়ে নতুন কোনো নীতিমালা প্রয়োজন হলে তাও যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
উল্লেখ্য, ২০১৮ সালে চীনা কনসোর্টিয়ামের কাছে ৯৫০ কোটি টাকায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা হস্তান্তর করে ডিএসই। ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ারের মালিকানা রয়েছে চীন কনসোর্টিয়ামের।































