সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণে আলিফ গ্রুপকে অনুমতি দিয়েছে বিএসইসি
- আপডেট: ০৭:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১০৩১৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোস্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণের বিষয়ে আলিফ গ্রুপের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে সাতটি শর্ত সাপেক্ষে আলিফ গ্রুপকে এ অধিগ্রহণ প্রক্রিয়া নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) আলিফ গ্রুপ ও সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে অধিগ্রহণ বিষয়ক সম্মতির চিঠি পাঠানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণের বিষয়ে আলিফ গ্রুপকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে- মূলধন সংগ্রহের ক্ষেত্রে সকল সিকিউরিটিজ আইন অনুযায়ী অধিগ্রহণকৃত কোম্পানি বা অধিগ্রহণকারী কোম্পানির আগত ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নতুন শেয়ার ও বন্ড ইস্যু করতে হবে। সংশ্লিষ্ট আইনের বিধি-বিধান পরিপালন করে আলিফ গ্রুপ তাদের প্রস্তাবিত অধিগ্রহণ কার্যক্রম নিষ্পত্তি করতে হবে। সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে উৎপাদনে ফেরাতে আলিফ গ্রুপ অবিলম্বে কাজ শুরু করবে। একইসঙ্গে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের উৎপাদন সুবিধার জন্য গ্যাস লাইন, অন্যান্য সকল ইউটিলিটিগুলোর সংযোগ স্থানান্তর করতে হবে। সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে অধিগ্রহণের ক্ষেত্রে আলিফ গ্রুপকে ব্যাংকের দায় পরিশোধ করতে হবে।
এছাড়া আলিফ গ্রুপের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ও আলিফ ম্যানুফ্যাকচারিংকে সিকিউরিটিজ আইন মেনে প্রক্রিয়াধীন থাকা এজিএম এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়মিত করতে হবে। সংগৃহীত শেয়ারের টাকা পৃথক ব্যাংক হিসাবে রাখা হবে। ওই টাকা শুধুমাত্র ব্যাংকের দায়বদ্ধতা ও উৎপাদন সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। সিঅ্যান্ডএ টেক্সটাইলসকে উৎপাদন শুরু করতে সকল উদ্যোগ এবং দায় গ্রহণ করবে আলিফ গ্রুপ।
সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইলস। ইতিমধ্যে চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটি পরিদর্শন করেছে আলিফ গ্রুপ। তারা অধিগ্রহণ সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব বিএসইসিতে দাখিল করেছে। এদিকে চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর বিএসইসি’র কর্মকর্তাদের সঙ্গে আলিফ গ্রুপ কর্তৃপক্ষের আলোচনা হয়েছে।
অধিগ্রহণ প্রস্তাবে আলিফ গ্রুপ জানিয়েছে, ৩৭ বছরের বেশি সময় ধরে আমরা অনুরূপ শিল্পে সফলভাবে ব্যবসা করছি। যদিও সি অ্যান্ড এ টেক্সটাইলসকে দাঁড় করানো খুব কঠিন। তবে আমরা বিশ্বাস করি, আমাদের দক্ষতা ও এই শিল্পে জ্ঞান দিয়ে কোম্পানিটিকে পুনরুজ্জীবিত করতে পারব। তবে গত পাঁচ বছর ধরে কোম্পানিটি বন্ধ রয়েছে। সেহেতু কোম্পানিটির কিছু বড় যন্ত্রপাতি মেরামতের প্রয়োজন। সার্বিক দিক বিবেচনা করে আমরা কোম্পানিটি অধিগ্রহণ করতে চাই।
চলতি বছরের মার্চে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে সিঅ্যান্ডএ টেক্সটাইলসের পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। কোম্পানিটিতে বিএসইসির মনোনীত স্বতন্ত্র পরিচালক হলেন, অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ, ড. মোহাম্মদ শরিয়ত উল্লাহ, ড. এ বি এম শহীদুল ইসলাম, ড. রেজওয়ানুল হক খান, ড. এ বি এম আশরাফুজ্জামান, ড. তৌফিক ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ এহসান। অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ কোম্পানি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ঢাকা/এসআর































