নতুন ৪ খাত পাবে রফতানি প্রণোদনা
- আপডেট: ০১:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পণ্য রফতানিতে যোগ হলো আরো চারটি নতুন পণ্য। চলতি অর্থবছরে (২০২১-২২) এ নতুন চারটি পণ্য নগদ ৪ শতাংশ সহায়তার জন্য যুক্ত করেছে সরকার। এর ফলে চলতি অর্থবছরে নতুন চার পণ্যসহ মোট ৪৩টি পণ্য ও খাত রফতানি নগদ সহায়তা পাবে। এগুলো হলো- দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এর ফলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রফতানি নগদ সহায়তা পাবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি সার্কুলার জারি করেছে। একই সঙ্গে বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রফতানির ক্ষেত্রে ১ শতাংশ রফতানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন সার্কুলারগুলোর জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রফতানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়ালো ৪৩টিতে। জারি করা সার্কুলারগুলোতে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশ বেশি অধিক হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রফতানির ক্ষেত্রে রফতানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলে জানানো হয়েছে।
সব ক্ষেত্রে রফতানি করা পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে ডব্লিউটিও বিধি অনুযায়ী রফতানি প্রণোদনা দেওয়া হবে।
ঢাকা/এমটি




































