মহানায়ক মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট: ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৪১৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ বলা হয় তাকে। এই উপাধি তার ভক্তরাই তাকে দিয়েছিল। ২০০৮ সালের আজকের এই দিনেই তার ভক্ত অনুরাগীদের মন ভেঙে না ফেরার দেশে চলে যান নায়ক মান্নান। আজ এই তারকার ১৪তম মৃত্যুবার্ষিকী।
মান্নার আসল নাম ছিল এ এস এম আসলাম তালুকদার। তিনি সব মিলিয়ে ২৪৫টি সিনেমায় অভিনয় করেছেন। ‘বীর সৈনিক’ সিনেমার জন্য ২০০৬ সালে ‘সেরা অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নায়ক মান্না । এ ছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কারও পান তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি প্রথম সিনেমায় আসেন।
দাঙ্গা, লুটতরাজ, তেজী, আম্মাজান, আব্বাজান সিনেমাগুলোয় চমৎকার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিলেন মান্না। তার প্রথম অভিনীত সিনেমার নাম ‘তওবা’। কিন্তু প্রথম মুক্তি পায় ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার জানাজা এফডিসিতে হয়। ২য় জানাজা স্মৃতিসৌধে হওয়ার কথা ছিল, কিন্তু দর্শকরা তাকে এতই ভালোবাসে এবং শ্রদ্ধা করে যে ভক্তকুলের ভিড় এবং পুরো ঢাকায় অত্যন্ত জ্যাম থাকায় তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় তাকে সমাহিত করা হয়।





































