০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬
বিজয়ের সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানা উচিত: প্রধানমন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশ বিজয়ের সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানা উচিত, তাতে দেশের জন্য কাজ করার স্পৃহা পাবে নতুন প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৭ ফেব্রুয়ারি) জাতির পিতাকে নিয়ে দেশের সবচেয়ে বড় চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, পাকিস্তানিরা তো বটেই, ১৯৭৫-এর পর বারবার মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস থেকে জাতির পিতার নাম মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল।
চিত্রকর্মটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাশাপাশি সারাদেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান সরকার প্রধান। তিনি আরও বলেন, অনলাইনেও হবে প্রদর্শনী। এ সময় সংগ্রাম থেকে অর্জনের ইতিহাস নতুন প্রজন্মকে সঠিকভাবে জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রকৃত ইতিহাস জানলে শিশু কিশোররা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, স্বার্থপরের মত নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে দেশের জন্য দেশের মানুষের কল্যাণে কিছু করার একটা আগ্রহের সৃষ্টি হবে, একটা চেতনা আসবে। যেটা আমাদের জন্য খুবই দরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘এতে করে তাদের মেধা, জ্ঞান, শৈল্পিক মন ও মনন বিকশিত হবে। তারা কে কোন ব্রান্ড পরবে বা ধন সম্পত্তির পেছনে কেবল ছুটে বেড়াবে না।
শুরু হলো জাতির পিতার জীবনভিত্তিক বাংলাদেশের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট’ শীর্ষক প্রদর্শনী। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এ উপলক্ষে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবনকে তুলে ধরে এই স্ক্রল পেইন্টিং এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মহাজীবনের মহাপট’ শীর্ষক ১৫০ ফুট দীর্ঘ স্ক্রল পেইন্টিংটি বাংলাদেশে সম্পাদিত সর্ববৃহৎ পটভূমিতে জাতির পিতার জীবনভিত্তিক চিত্রকর্ম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চিত্রকর্মটির পক্ষকালব্যাপী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের এই সুবর্ণ সময়কে স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের মানুষকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, প্রদর্শনীর আয়োজন সহযোগী বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র পক্ষ থেকে বক্তব্য দেন শিল্পী আফজাল হোসেন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, স্ক্রল পেইন্টিংটির শিল্পী শাহ্জাহান আহমেদ বিকাশ।
ঢাকা/বিএইচ
ট্যাগঃ
তাতে দেশের জন্য কাজ করার স্পৃহা পাবে নতুন প্রজন্ম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশ বিজয়ের সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানা উচিত বিজয়ের সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম জানা উচিত: প্রধানমন্ত্রী


































