ব্যাংক ঋণে নারীর অংশ ৪ শতাংশেরও কম
- আপডেট: ০৬:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্যাংক ঋণে নারীর অংশ ৪ শতাংশের নিচে রয়েছে। অবশ্য মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবায় তাদের অংশগ্রহণ বাড়ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশ বাড়ছে। ২০২৪ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের অন্তত ১৫ শতাংশ নারীদের মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। এটি কার্যকরে ব্যাংকগুলোও বিভিন্ন পণ্য নিয়ে আসছে নারীদের জন্য। তবে ব্যাংক খাতে ঋণ যেভাবে বাড়ছে, সে তুলনায় কম হারে বাড়ছে নারীর অংশ। যে কারণে দীর্ঘদিন ধরে মোট সিএমএসএমই ঋণে নারীর অংশ ৪ শতাংশের নিচে রয়েছে। অবশ্য মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবায় তাদের অংশগ্রহণ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতে মোট ঋণ রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৩২৫ কোটি টাকা। এর মধ্যে নারীদের ঋণের পরিমাণ ৯ হাজার ২৮৪ কোটি টাকা। মোট সিএমএসএমই ঋণের ঋণের যা মাত্র ৩ দশমিক ৭৮ শতাংশ। দীর্ঘদিন ধরে ঋণের হার এর কাছাকাছি রয়েছে। গত বছরের জুন পর্যন্ত ব্যাংকের প্রায় এক লাখ ৮৭ হাজার কর্মীর মধ্যে নারী ২৯ হাজার ৫১৩ জন। এর মানে মোট কর্মীর ১৫ দশমিক ৮০ শতাংশ নারী। একটি সময় চাকরি অংশ ছিল খুব কম।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, অনেক সময় ব্যাংকগুলো ঋণ দিতে অনীহা দেখায়। আবার নারীদের চাকরিতে যতটা আগ্রহী হন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আগ্রহ সে তুলনায় কম। যে কারণে মোট ঋণে নারীর অংশ আশানুরূপভাবে বাড়ছে না। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের ফলে ঋণ পেতে হয়রানি কমছে।
সংশ্নিষ্টরা জানান, একটি সময় ব্যবসায় নারীদের আসা ছিল দুরূহ। যে কারণে বড় ঋণে তাদের অংশগ্রহণ নেই বললেই চলে। যেটুকু যা আছে, তার প্রায় সবই ক্ষুদ্র ও মাঝারি খাতে। ছোট ঋণে নারীদের অংশ বাড়াতে গত বছরের জুলাই থেকে নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা সিএমএসএমই ঋণ ঠিক মতো ফেরত এলে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এক শতাংশ পাবেন সংশ্নিষ্ট উদ্যোক্তা। বাকি এক শতাংশ দেওয়া হবে ওই ব্যাংককে। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে মোট সিএমএসএমই ঋণের অন্তত ১৫ শতাংশ নারীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে।
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে বিদ্যমান ১৫শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের পুরোটাই নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে মাত্র ৫ শতাংশ সুদে এ তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ দিচ্ছে।
এ ছাড়া ঋণের ঝুঁকি বহনে নতুনভাবে চালু হওয়া ক্রেডিট গ্যারান্টি স্কিমেও নারীরা অগ্রাধিকার পাচ্ছেন। একটি ব্যাংক এ স্কিমের আওতায় যে পরিমাণ ঋণের গ্যারান্টি দেবে তার অন্তত ১০ শতাংশ নারীদের জন্য দিতে হবে।
ঢাকা/টিএ




































