ক্ষেপণাস্ত্র নিয়ে ভারতের ‘ভুল শিকার’ মানছে না পাকিস্তান
- আপডেট: ০৪:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভূলবশত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লিখিতভাবে জানিয়েছে ইসলামাবাদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ৯ মার্চ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর মিয়া চান্নুর কাছে বিধ্বস্ত হয় একটি ‘উচ্চগতি সম্পন্ন উড়ন্ত বস্তু’। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় পাকিস্তানজুড়ে। ওই ঘটনার দুদিন পর ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি স্বীকার করে ভারত।
ভুলবশত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ১১ মার্চ বিবৃতি দেয়। প্রাথমিকভাবে দাবি করা হয় রক্ষণাবেক্ষণের সময় ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে এই ঘটনা ঘটেছে। আর সবশেষ মঙ্গলবার ভারতের পার্লামেন্টে ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এতে কেউ নিহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
তবে পাকিস্তানের দিকে ভুশবশত ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি মানতে নারাজ ইসলামাবাদ। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি প্রত্যাখ্যান করেছে দেশটি। মঙ্গলবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ঘটনাটিকে গুরুতর আখ্যা দিয়ে বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লিখিতভাবে জানানো হয়েছে।
মেহমুদ কোরেশি বলেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলেছি আমি। ভারত সরকারের দাবি, এটি দুর্ঘটনাবশত হয়েছে। কিন্ত এটা খুবই গুরুতর বিষয়। পুরো বিষয়টির ব্যাখ্যা দিতে হবে ভারতকে। কীভাবে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে, এটি পাকিস্তানে কেন আঘাত হানে এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তাৎক্ষণিকভাবে কেন তা ইসলামাবাদকে জানানো হলো না, এসব প্রশ্নের উত্তর দিতে হবে নয়াদিল্লিকে।
এদিকে নিজেদের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে ভারত-পাকিস্তানকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা নিয়ে যৌথ তদন্তে পাকিস্তানের দাবিকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে চীন। তবে মঙ্গলবার নয়াদিল্লি জানিয়েছে, যৌথ নয়, একাই ঘটনাটির তদন্ত করবে ভারত।
ঢাকা/এসএ






































