২০ এপ্রিল থেকে নতুন নোট বিনিময় শুরু
- আপডেট: ০৬:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১০৩০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাস প্রকোপের কারণে দুই বছর বন্ধ থাকার পর ঈদের আগে নতুন নোট বিনিময়ে বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সকল শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নোট বিনিময় করা যাবে। ২০ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মিলবে বিশেষ এই সেবা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোট বিনিময়ের এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পবিত্র রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা একশ’ পিস করে মোট ১৮ হাজার টাকা নিতে পারবেন। একই ব্যক্তিকে একাধিকবার নতুন নোট দেওয়া হবে না। তবে কেউ চাইলে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। বর্তমানে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বাজারে প্রচলিত আছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও সদরঘাট ছাড়াও চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, রংপুর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ অফিসে বিশেষ কাউন্টার খুলে নোট বিনিময় সেবা দেওয়া হবে। এছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২৫টি শাখা থেকে মিলবে এ সেবা। এর বাইরে নারায়নগঞ্জ, সাভার ও গাজীপুরের দু’টি করে এবং কেরানীগঞ্জের একটি শাখা থেকে নোট বিনিময় করা যাবে।
বাণিজ্যিক ব্যাংবের শাখাগুলো হলো- ঢাকা মহানগরীর এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী, জনতার আব্দুল গণি রোড কর্পোরেট, অগ্রণীর জাতীয় প্রেস ক্লাব, গ্লোবাল ইসলামী ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকে কারওরান বাজার, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার, সোনালীর রমনা কর্পোরেট, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসির গুলশান, ন্যাশনাল ব্যাংকের মহাখালী, ফার্স্ট সিকিউরিটি ইসলামীর মোহাম্মদপুর, জনতার রাজারবাগ, পূবালীর সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল, ওয়ান ব্যাংকের বাসাবো, ব্র্যাক ব্যাংকের শ্যামলী, ডাচ্-বাংলার দক্ষিণখান এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, ব্যাংক এশিয়ার বনানী ও ধানমন্ডি, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী, আল-আরাফাহ ইসলামীর নন্দীপাড়া, প্রাইমের এলিফ্যান্ট রোড, সোনালীর জাতীয় সংসদ ভবন শাখা এবং এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা থেকে নতুন নোট দেওয়া হবে।
ঢাকা মহানগরীর বাইরে মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ এবং এক্সিম ব্যাংকের নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক এবং ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ও মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা থেকেও নোট বিনিময় সেবা দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে গত দুই বছর ঈদের আগে বিশেষ কাউন্টার খুলে নোট বিনিময় সেবা বন্ধ ছিল। এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় সর্বসাধারণের সুবিধা মাথায় রেখে আবার এ সেবা চালু করা হয়েছে।
ঢাকা/টিএ




































