ইউক্রেনের ট্রেন স্টেশনে রাশিয়ার হামলা
- আপডেট: ০৪:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৩৭৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি ট্রেন স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রেলওয়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানির প্রধান অলেক্সান্ডার কামিশিন এ তথ্য জানান। খবর বিবিসির। কামিশিন বলেন, সোমবার সকালে মধ্য ও পশ্চিম ইউক্রেনের পাঁচটি রেলস্টেশনে রাশিয়ার দখলদার সেনারা হামলা চালিয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর একটি লভিভের পূর্বের গ্রাম ক্রাসনেতে অবস্থিত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লভিভ অঞ্চলের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি টেলিগ্রাম চ্যানেলে লেখেনে, ইলেক্ট্রিক্যাল সাবস্টেশনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সোমবার স্থানীয় সময় সকাল ৮.৩০ মিনিটের দিকে (৬.৩০ বিএসটি)। জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। আগুন এখনও জ্বলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেন, জাকহিদ এয়ারফোর্স কমান্ডের অ্যান্টি-এয়ারক্র্যাফট মিসাইল ইউনিট লভিভে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
কোজিটস্কি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে দক্ষিণপূর্ব এলাকা থেকে। এগুলো সম্ভবত রাশিয়ার সেনারা টিইউ-৯৫ এর মতো কৌশলগত বিমান থেকে ছুড়েছে।
এদিকে সোমবার সকালে পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দ শোনা গেছে। এর আগে রাশিয়া গত মাসে পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলা চালিয়েছিল। এতে অন্তত ৫০ জন নিহত হন।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে দেশজুড়ে হামলা চলাচ্ছে রুশ সেনারা। তবে ইউক্রেনের পশ্চিমাঞ্চল কিছুটা নিরাপদ ছিল। কিন্তু এখন ওই অঞ্চলেও হামলা চালানো হচ্ছে।
ঢাকা/এসএ






































