রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠান
- আপডেট: ০৮:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১০৩১৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০১৯ ও ২০২০ সালের জন্য ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে পাঠানোর ক্ষেত্রে উৎসাহ দিতেই সপ্তমবারের মতো এ পুরস্কার দিলো কেন্দ্রীয় ব্যাংক।
পাঁচ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে রেমিট্যান্স অ্যাওয়ার্ড। এর মধ্যে আছে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী, ব্যবসায়ী, রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
অনুষ্ঠানে জনোনো হয়, করোনা পরিস্থিতির কারণে ২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এ বছর ২০১৯ ও ২০২০ সালের জন্য ব্যক্তি পর্যায়ে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী ও ব্যবসায়ী ক্যাটাগরিতে ৫৩টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী এক্সচেঞ্জ হাউস ও ব্যাংক ক্যাটাগরিতে ১৪টিসহ মোট ৬৭টি সম্মাননা পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।




































