স্বর্ণ চোরাচালানে এক বছরে বিমানের ১৩ কর্মী বরখাস্ত
- আপডেট: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বর্ণ চোরাচালানে যুক্ত থাকায় গত বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৩ জন কর্মী বরখাস্ত হয়েছে। বুধবার (১ জুন) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তাফা কামাল কুর্মিটোলায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন।
এ সময় বিমানের এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি স্বর্ণ চোরাচালান বন্ধ করতে, একদিনে হয়তো বন্ধ করতে পারব না। কিন্তু আমাদের পদক্ষেপে কমে আসছে কিনা, সেটা সবাই মিলে দেখতে পারি।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিমানের এমডি আরও জানান, ‘২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ২০২টি বিভাগীয় মামলা হয়েছে। এর মধ্যে শাস্তি নিশ্চিত করা হয়েছে ১৭৮ টিতে। এসব মামলায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ৫২ জনকে। পদ অবনমিত করা হয়েছে দুজনকে। বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে ১৫ জনের। অর্থ দণ্ড দেয়া হয়েছে নয়জনকে। তিরস্কার করা হয়েছে ২৫ জনকে। কঠোর সতর্কীকরণ দেয়া হয়েছে ৩৪ জনকে।’
সংবাদ সম্মেলনে বিমানের এমডি আরও বলেন, আগে বড় বড় চালান ধরা পড়ত, এখন দেখা যাচ্ছে ছয়-সাতটায় ধরা পড়ছে সেই পরিমাণ। বিমানের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে কুর্মিটোলার প্রশিক্ষণ একাডেমিতে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
ঢাকা/এসএ





































