বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল
- আপডেট: ০৬:৪৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) আগামীকাল ৫ জুন রোববার বিকেল ৫টায় শুরু হবে। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন। ফলে গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘস্থায়ী হওয়ার কথা রয়েছে।
তবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামীকাল বিকেল ৫টায় অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যক্রম এবং কতদিন চলবে তা নির্ধারণ করা হবে।
এদিকে গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে গত ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ঐ অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়।
এছাড়া, কার্যপ্রণালী বিধির ১৪৭বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।
ঢাকা/এসএ







































