পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চলবে না যানবাহন
- আপডেট: ০৪:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আর ১৭ দিন বাকি। এরপর থেকেই ভোগান্তি লাঘবের প্রত্যাশা দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের। তবে উদ্বোধনের দিনই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে না। পরদিন সকাল থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সেতু বিভাগ সূত্র জানায়, উদ্বোধনের পর সেতুর আশপাশের এলাকায় উৎসুক মানুষ ভিড় করবে-এ বিষয়ে তারা নিশ্চিত। তবে উৎসুক মানুষকে সেতুতে উঠতে দেওয়া হবে কি না, আর দিলে কত সময়ের জন্য দেওয়া হবে-এই বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২৫ জুন পদ্মা সেতু চালু হচ্ছে। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে সেতুর ফলক উন্মোচনের পর সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি টোল দিয়ে আনুষ্ঠানিকভাবে গাড়িতে সেতু পার হবেন।
অর্থাৎ প্রধানমন্ত্রীর গাড়িই প্রথম টোল দিয়ে সেতু পার হবে। এরপর প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে ফলক উন্মোচন করে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা দুপুরের মধ্যে শেষ করবেন। বিকেলে তিনি মাদারীপুরের শিবচরে সমাবেশে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরতি যাত্রা সড়কপথে না হয়ে হেলিকপ্টারেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেতু বিভাগ সূত্র জানায়, দুপুরের পর থেকে পদ্মা সেতু মোটামুটি উন্মুক্তই থাকবে। এ সময়টায় কী করা হবে-এটা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অধিকাংশ মত হচ্ছে, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালুর পর উৎসুক মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পদ্মা সেতুতে মানুষের আগ্রহ আরও বেশি। ফলে এই সেতু চালুর পর উৎসুক মানুষকে দেখতে দেওয়া উচিত।
আর সাধারণ মানুষকে হেঁটে যেতে দিলে ওই সময় সেতু দিয়ে গাড়ি চলতে দেওয়ার সুযোগ নেই। কারণ, সেতুতে হাঁটার আলাদা কোনো জায়গা নেই। ফলে গাড়ি এবং মানুষের চলাচল একসঙ্গে দিলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাই যানবাহন চলতে দিলে সাধারণ মানুষের সেতুতে ওঠার সুযোগ দেওয়া ঠিক হবে না।
সেতু বিভাগের সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, ২৬ জুন থেকে স্বাভাবিক যানবাহন চলাচল করবে। আর উদ্বোধনের পর সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া যেতে পারে। তবে এর সবকিছুই সে সময় মানুষের উপস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তবে পদ্মা সেতু উদ্বোধনের আগেই কবে থেকে যানবাহন চলাচল করতে পারবে এবং সাধারণ মানুষকে প্রবেশের সুযোগ দেওয়া হলে কত সময়ের জন্য দেওয়া হবে-এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সরকার।
ঢাকা/এসএ







































