পুঁজিবাজারে প্রশিক্ষনপ্রাপ্ত নারীদের অংশিদারিত্বে বিনিয়োগ ঝুঁকি কমবে: শেখ শামসুদ্দিন
- আপডেট: ০৬:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বর্তমানে দেশে যেভাবে পুঁজিবাজার বড় হচ্ছে তার সাথে তাল মিলিয়ে পর্যাপ্ত প্রশিক্ষনপ্রাপ্ত নারী বিনিয়োগকারী পুঁজিবাজারে আসছে না। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে প্রশিক্ষনপ্রাপ্ত নারী বিনিয়োগকারী আসলে নারীদের অংশিদারিত্বের পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিও অনেক কমে আসবে।
আজ মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ ইনস্টিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক আয়োজিত দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের প্রশিক্ষন কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন বলেন, জিডিপিতে নারীদের অবদান বাড়ছে। তবে তাদের অবদান অনেকাংশ হিসাবের বাইরে থেকে যাচ্ছে। ২০১০ সালে ধসের পর শেয়ারবাজার ছেড়ে চলে যান বিপুল সংখ্যক নারী। সাত লাখ থেকে কমে নারীর সংখ্যা চলে আসে পাঁচ লাখের নিচে। এরপর বাজারে নারীর অংশগ্রহণ সেভাবে লক্ষ্য করা যায়নি।
তবে সম্প্রতি পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি প্রাইমারী মার্কেটে কিছু ভালো মানের কোম্পানির আইপিও থাকায় আবারও বাজারে যুক্ত হচ্ছে নারীরা। তিনি নারীদের শেয়ারবাজার সম্পর্কে প্রশিক্ষিত হওয়ার আহ্বান জানান। যাতে নিজেরা এবং শেয়ারবাজার উভয় উপকৃত হতে পারে।
ঢাকা/টিএ

































