দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- আপডেট: ১১:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- / ১০২৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দিনাজপুর সদরে চালক নিয়ন্ত্রণ হারালে একটি প্রাইভেটকার রাস্তার পার্শ্ববর্তী বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর এলাকার সাত মাইল বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারীর বাসিন্দা ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২)। ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্মেন্টের ছাত্র মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং সৈয়দপুর বাউস্টের ছাত্র ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।
আহতরা হলেন- মুন্সিপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার ডিস লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক মাহামুদুন নবি পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।
স্থানীয়দের বরাতে কোতোয়ালি থানার এএসআই সৌরভ বলেন, রাতে দশমাইল থেকে প্রাইভেটকারে করে তারা বাড়ি ফিরছিলেন। সাত মাইল মোড়ে আসলে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি পাল্টি খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই বর্ন বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে তামজিদ ও প্রিয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা/এসএ






































