পদ্মা সেতু দেখতে মমতাকে চিঠি দিয়ে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
- আপডেট: ১২:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রায় মাস খানেক আগে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এ বার সেই সেতু দেখতে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে প্রধানমন্ত্রী লেখেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চিঠিতে বঙ্গবন্ধু কন্যা লিখেছেন, আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল।
আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি যাবেন শেখ হাসিনা। সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।
২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তি প্রস্তুর স্থাপন করেন প্রধানমন্ত্রী হাসিনা। এ বছর ২৫ জুন সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়ে যায়।
এর আগে মাসখানেক আগে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। এরপরই ১২ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চিঠির উত্তরে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানালেন বঙ্গবন্ধুকন্যা।
কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, বঙ্গবন্ধুকন্যার আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কবে বাংলাদেশ সফরে যাবেন, সে বিষয়ে এখনো কোনো সূচি নির্দিষ্ট হয়নি।






































