গোপালগঞ্জসহ দক্ষিণের আট জেলা লোড শেডিংমুক্ত
- আপডেট: ১১:৩৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোড শেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৯ জুলাই থেকে সারা দেশে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী বিদ্যুতের লোড শেডিং শুরু হয়েছে। তবে গোপালগঞ্জসহ দক্ষিণের আট জেলা লোড শেডিংমুক্ত রয়েছে। লোড শেডিংয়ের আওতামুক্ত এই আটটি জেলা হলো গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও বরগুনা।
এসব জেলায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো) লিমিটেড ১৯ জুলাই রাতে লোড শেডিংয়ের যে শিডিউল প্রকাশ করেছে, সেখানে এই আট জেলার নাম নেই।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানতে চাইলে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলে, ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এই আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পায়রাতে চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় এ জেলাগুলোতে বিদ্যুতের ঘাটতি নেই। যার কারণে লোড শেডিং হবে না বলে আমরা তালিকায় নাম প্রকাশ করিনি।
’ওজোপাডিকো সূত্রে জানা গেছে, ওজোপাডিকো দক্ষিণাঞ্চলের ২১টি জেলা শহর ও ২০টি উপজেলায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। ২১টি জেলা শহর হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর। এই ২১ জেলায় তাদের গ্রাহক রয়েছে প্রায় ১৪ লাখ ২৮ হাজার।
বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এ টি এম তরিকুল ইসলাম বলে, ‘লোড শেডিং করার জন্য আমাদের কাছ থেকে তালিকা নেয়নি। তা ছাড়া বিভাগের পাঁচটি জেলায় দ্বিতীয় দিনের মতো বুধবারও লোড শেডিং ছিল না। কেন্দ্র থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’
তিনি আরো বলে, ‘সরবারহ-বিতরণসহ বিভিন্ন কারণে বরিশালে বরাবরই লোড শেডিং কম হয়ে থাকে। আশা করছি এবারও তাই হবে। তা ছাড়া বরিশালে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তাই লোড শেডিং হওয়ার আশঙ্কা নেই। ’
এদিকে বরিশালের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মৃদুল কান্তি চাকমা বলে, ‘উত্তর জোনে বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো চাপ নেই। ভোলা থেকে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ’ তিনি আরো বলে, ‘বরিশালে লোড শেডিংয়ের আপাতত কোনো আশঙ্কা নেই।’
ঢাকা/এসএ






































