‘ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে পেশাদার হতে হবে’
- আপডেট: ০৫:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১০৪২৬ বার দেখা হয়েছে
জিম্বাবুয়ে সফরের আগে সোমবার ক্রিকেটারদের সঙ্গে বসে কঠোর বার্তা দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠেনি এখনো, তা মনে করিয়ে দিয়ে ক্রিকেটারদের পেশাদার হতে হবে। এটাই তার বার্তা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গণমাধ্যমকে সে কথাই বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন-‘আমি আজকে ছেলেদের একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে পেশাদারিত্ব তৈরি করতে। আমাদের পেশাদার হতে হবে। আমাদের ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে।’
একটা টিম হয়ে উঠতে হলে পেশাদারীত্বের বিকল্প নেই বলে মনে করছেন সুজন-‘হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে। বাদ পড়লে মন খারাপ হবে স্বাভাবিক। দলে ঢুকলে মন খুশি হয়। ভালো খেললে ভালো লাগে খারাপ খেললে খারাপ লাগে। ক্রিকেট একটা সাইকোলোজিক্যাল গেম, এখানে সবচেয়ে বেশি মেন্টাল প্রেসাররটা আসে। আমরা কেন ভালো খেলি না? মেন্টাল টাফনেসের কারণেইতো এমন হয়? আমার কথা হচ্ছে যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো না ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারবো না।’
ভেতরের কথা বাইরে যাচ্ছে, তা নিয়ে হচ্ছে আলোচনা। এসব থেকে বিরত থাকার বার্তাও ক্রিকেটারদের দিয়েছেন টিম ডিরেক্টর-‘আমি যেমন পেশাদার, আমার চাকরির খবর তো বাসায় যায় না বা আমার বাসার খবর তো চাকরির জায়গায় এসে জানাই না যে আজকে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করে আসছি। এখানে বিষয়টা একই রকম। আমরা কীভাবে পেশাদার হতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেট একটা পরিবার, এখানকার কথাগুলো বাইরে যাওয়াটাও একটা ভুল বার্তা দেয়। সেটা যে-ই দিচ্ছে বা যারা-ই দিচ্ছে এটা ভালো না, স্বাস্থ্যকর না। আমরা এসব নিয়েও কথা বলেছি। আমার মনে হয় যে এটা আমাদের সময় যে সংস্কৃতি গড়ে তোলা।’
ক্রিকেট এখন শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও অনেক খেলা আছে। এসব সাবধানে সামাল দিতে হবে বলে ক্রিকেটারদের বলেছেন সুজন-‘সবাই দায়িত্বশীল, যারাই বাংলাদেশ দলে খেলে। তারা দেশের ক্রিকেটের আইকন, দেশের আইকন। যেমন নুরুল হাসান সোহানকে শুধু দেশে না দেশের বাইরেও মানুষ চেনে। সুতরাং তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে বুঝবে। খেলাটা শুধু মাঠের না মাঠের বাইরেও অনেক খেলা আছে। সে জায়গাগুলোতেও আমাদের ভালোভাবে সামলে নিতে হবে, খুব সাবধানে সামলাতে হবে।’
ঢাকা/এসএম





































