হিরো আলমের বিরুদ্ধে অপহরণের অভিযোগ
- আপডেট: ১২:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গানকে নিজের মতো করে গেয়ে বিতর্কিতও হয়েছেন তিনি। যদিও তার দাবি, মানুষকে বিনোদন দেয়ার জন্যই তার গান গাওয়া
এবার হিরো আলমের বিরুদ্ধে পাওনা টাকা না দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। এই নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে গাজীপুরের শ্রীপুর থানায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি জানান, শুক্রবার (৫ আগস্ট) গাজীপুরের শ্রীপুর থানায় রুবেল মুন্সী নামের এক যুবক হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে হিরো আলম ছাড়াও মো. লিমন এবং মো. শুভর নাম উল্লেখ রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হিরো আলমের বিরুদ্ধে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের পর সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী হিরো আলমের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন। কিন্তু বেতন না তুলে তিনি হিরো আলমের কাছে সেই টাকা জমা রাখতেন। সাত মাসের বেতন মোট ৭০ হাজার টাকা জমা হয় তার। ধারের ২০ হাজার ও বেতনের টাকাসহ পাওনা মোট ৯০ হাজার টাকা চাইতে গেলে দেবো, দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন হিরো আলম।
জিডিতে রুবেল আরও উল্লেখ করেছেন, গত বৃহস্পতিবার হিরো আলম তার বর্তমান কর্মস্থল ইয়ন ফুডের সামনে এসে তাকে জোর করে প্রাইভেটকারে তোলেন। এসময় হিরো আলম ও তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দেন হিরো আলম।
ঢাকা/টিএ




































