উত্তরায় দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট: ০২:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, একনেক বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব উত্তরার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রাথমিক প্রতিবেদনে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির তথ্য জানা গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনা খুব মন দিয়ে শুনেছেন এবং আবেগ তাড়িত হয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়ে বলেছেন, এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত এবং যেই কোম্পানি জড়িত তাদের সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব কোম্পানি কাজে অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনের পরিচয় দেয় সেসব কোম্পানিকে কালো তালিকাভুক্ত করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা।
পথিমধ্যে উত্তরার জসীম উদ্দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের।
প্রাইভেটকারে আরোহীদের মধ্যে ছিলেন হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ফাহিমা আক্তার ও ঝরনা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।
মামলায় ক্রেনের চালক, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গেজহুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি) ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্তদের অভিযুক্ত করা হয়েছে। ব্যক্তি হিসেবে আসামি করা হয়েছে অজ্ঞাতদের।






































