সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু
- আপডেট: ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১০১৭০ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট এ তথ্য জানিয়েছেন।
চব্বিশের জুলাই আন্দোলনে সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন এই আওয়ামী লীগ নেতা। তবে নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে একবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সে সময় বলেছিলেন, ‘উনি প্রবীণ ব্যক্তি। উনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিমেনশিয়াসহ বহুবিধ রোগ আছে।’
পরের বছর ২০২৫ সালের ৫ অগাস্ট রাতে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গেল বছরের ১৪ অগাস্ট জামিনে মুক্তি পান তিনি।
সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
মোশাররফ হোসেনের জন্ম ১৯৪৩ সালের ১২ জানুয়ারি।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক এই সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব রহমান রুহেল।
ঢাকা/এসএইচ



































