আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী
- আপডেট: ০২:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০১৭৩ বার দেখা হয়েছে
আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।শেয়ার বাজার বিশ্লেষণ
সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলায় ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে সারা দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে সাত হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে চার কোটি পরিবারের নারী সদস্যকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে এবং কোনো বাধাকে পরোয়া করবে না।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থাও করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের তীরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
ঢাকা/এসআর








































