ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু: পাঁচ লাখ টাকা পেল সেই নবজাতক
- আপডেট: ০৮:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১০৩০০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে সড়কে জন্ম নেওয়া শিশু ফাতেমার জন্য ট্রাস্টি বোর্ডের পাঁচ লাখ টাকা পেয়েছে জেলা প্রশাসক। গত সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক চেক গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে শিশুটির জন্য খোলা ব্যাংক হিসাবে জমা দিতে। তবে টাকার বিষয়ে কিছুই জানে না শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
১৬ জুলাই জেলার ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম, রত্না বেগম ও ছয় বছরের সানজিদা আক্তার নামে তিনজনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয় নবজাতক ফাতেমা। পরে ২৯ জুলাই শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে আনা হয়।
ত্রিশালে ট্রাকচাপায় মা-বাবা-বোন হারানোর সময় জন্ম নেওয়া শিশু ফাতেমার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকা দিয়েছে সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুসারে গঠিত ট্রাস্টি বোর্ড। ৭ আগস্ট হাইকোর্ট এ শিশুটির অভিভাবককে অর্থ পরিশোধে ট্রাস্টি বোর্ডকে এক মাস সময় দিয়েছিলেন।
এর আগে ১৯ জুলাই হাইকোর্ট এক আদেশে ১৫ দিনের মধ্যে এই অর্থ দিতে বলেছিলেন। তবে ১৫ দিনের পরিবর্তে বরাদ্দ সাপেক্ষে এ অর্থ পরিশোধে সময় চেয়ে হাইকোর্টের আদেশ সংশোধনে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবেদন করেছিলেন। এ আবেদনের ওপর শুনানি নিয়ে ৭ আগস্ট হাইকোর্ট ১ মাস সময় দেন।
নবজাতকের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৮ জুলাই আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে পরদিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ১৯ জুলাই দেওয়া আদেশে হাইকোর্ট নবজাতকের দেখভাল ও তদারকির জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন।
শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু মঙ্গলবার বিকেলে বলেন, টাকার বিষয়ে কিছুই জানি না। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, গত সোমবার ৫ লাখ টাকার চেক পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এই টাকা শিশুর জন্য খোলা ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
আরো পড়ুন: বাসের ভাড়া কমাতে বৈঠক আগামীকাল
ঢাকা/এসএ





































