প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: যুবকের ১০ বছরের কারাদণ্ড
- আপডেট: ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোহাগ সোনারগাঁওয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। জামিনে কারামুক্তির পর থেকে সোহাগ পলাতক রয়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সোহাগ আলী সোনারগাঁও উপজেলা পরিষদে চেয়ারম্যানের কক্ষে টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাইরে নিয়ে আসেন। পরে উপজেলা প্রাঙ্গণে থাকা শহীদ মিনারে ছবিটি ভাংচুর করেন। ওই সময় উপস্থিত লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ হিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদি হয়ে সোনারগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে সোনারগাঁওয়ের স্থানীয় সাংবাদিকরা জানান, দণ্ডিত সোহাগ আলী মানসিক ভারসাম্যহীন। মামলার বাদি আশরাফুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: জিএমপির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ: গ্রেফতার ৩
ঢাকা/এসএ








































