নুডুলস খাওয়া নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত
- আপডেট: ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১০৩১৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় নুডুলস খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় (২০) নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। বুধবার (৭ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা ওই যুবককের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনায় দুই গ্রুপের প্রায় ১১ জন গুরত্বর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানায়, গত রোববার আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলার দিন সমর্থকরা নুডুলস খাবার আয়োজন করেন। এই নিয়ে দুই গ্রুপের সমর্থক আকবর ও আশিকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই মারামারির জের ধরে মঙ্গলবার রাতে পুনরায় দুই গ্রুপের সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনায় অস্ত্রের আঘাতে হৃদয় নামের এক যুবক পুকুরে পড়ে যান। বুধবার ভোরে স্থানীয়রা যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হন। আহতরা হলেন, মহিউদ্দিন (২৮), লিটন (২৩), শাহাবুদ্দিন (২০), নয়ন (১৮), অলিউল্লা মুন্সী (৫৫), অলিউল্লাহ ফরাজি (৩৫), আব্দুল্লাহ (২৫), আশিক (২০), তালহাসহ (১৮) অন্যান্যরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত জানিয়েছেন, হাসপাতালে যারা এসেছেন তারা অধিকাংশই ধারালো অস্ত্রের আঘাতে আহত। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আর একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ২৯ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে। এতে একজন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/এসএ








































