আট বছরের আগে নতুন গাড়ি পাবেন না ব্যাংকের চেয়ারম্যান-এমডি
- আপডেট: ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি ন্যূনতম আট বছর ব্যবহার করতে হবে। আট বছর পরই কেবল তাদের জন্য নতুন করে গাড়ি কেনা যাবে।
আগে পাঁচ বছর পর ব্যাংকের চেয়ারম্যান-এমডির জন্য নতুন গাড়ি কিনতে পারত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এখন তার মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে দেয়া হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান ও এমডি সংশ্লিষ্ট ব্যাংক থেকে সার্বক্ষণিক গাড়িসহ যানবাহন সুবিধা পেয়ে থাকেন। ২০১৯ সালের এক নির্দেশনার আলোকে এসব গাড়ি ব্যবহারের সময়কাল নির্ধারণ করা হয়েছিল পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর ব্যবহারের পরই তাদের জন্য নতুন গাড়ি প্রতিস্থাপন করা যেত।
নতুন নির্দেশনায় এসব গাড়ি ব্যবহারের মেয়াদ তিন বছর বাড়িয়ে আট বছর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, গাড়ি-সংক্রান্ত সরকারি নির্দেশনার সঙ্গে সংগতি রেখে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকের গাড়ি কেনা ও প্রতিস্থাপন আগের নির্দেশনা অনুযায়ী পুরোপুরি বন্ধ থাকবে।
আরও পড়ুন: চার হাজার কোটি টাকা ধার নিয়েছে পাঁচ ইসলামি ব্যাংক
দেশে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়ায় বাংলাদেশ ব্যাংক ২৭ জুলাই ব্যাংকের জন্য সব ধরনের গাড়ি কেনা বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি ভ্রমণ, আপ্যায়ন, আসবাব, বৈদ্যুতিক সরঞ্জাম, মনিহারি সামগ্রী, কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিস কেনা বাবদ খরচ কমিয়ে অর্ধেক করে দেয়া হয়।
ঢাকা/এসএ




































