আমান গ্রুপের তিন কর্ণধারের জামিন নাকচ
- আপডেট: ১০:৩৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: যমুনা ব্যাংকের প্রায় ৮৮ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় আমান গ্রুপের তিন কর্ণধারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ মে) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াছ হোসাইন তাঁদের জামিনের আবেদন নাকচ করেন।
মামলার আসামিরা হলেন আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং দুই পরিচালক শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম। তারা সম্পর্কে একে অপরের ভাই। গত ২৩ মে থেকে তাঁরা কারাগারে আছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জামিন নাকচের বিষয়ে রাজশাহী মহানগর দায়রা ও জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, তিনজনের জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রবিবার শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
যমুনা ব্যাংকের রাজশাহী শাখার প্রায় ৮৮ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে ২০১৯ সালে আমান গ্রুপের তিন ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৩ মে (২০২২) তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
উল্লেখ, আমান গ্রুপের দুটি প্রতিষ্ঠান দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানি দুটি হচ্ছে-আমান কটন ফাইবার্স ও আমান ফিড লিমিটেড। এদের মধ্যে আমান ফিড লিমিটেডও একটি খেলাপি প্রতিষ্ঠান। এবি ব্যাংকের কাছে ঋণ খেলাপি এই কোম্পানি। কোম্পানিটিকে দেওয়া ঋণের অর্থ আদায় করতে না পেরে এবি ব্যাংক আদালতের শরনাপন্ন হয়েছে। খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে বিদ্যমান আইনের আওতায় কোম্পানিটির কারখানা ভবন ও জমি বিক্রি করার জন্য নিলাম ডেকেছিল এবি ব্যাংক। তবে কোম্পানিটি উচ্চ আদালত থেকে এ নিলামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আসে। পরবর্তীতে আদালত কোম্পানিটিকে ওই ঋণ পরিশোধের জন্য সময় বেঁধে দেয়। কোম্পানিটিকে কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়।


































