আয় বাড়াতে আবারও টিভি স্বত্ব বিক্রি করলো বার্সেলোনা
- আপডেট: ০২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১০৪০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: এমনিতেই ঋণগ্রস্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর মধ্যেই দল বদলের বাজারে তারা কিনেছে দুই হাই প্রোফাইল ফুটবলারকে। রাফিনহা ও লেভান্ডোভস্কিকে কেনায় অনেকেই বার্সার আয়ের উৎস খুঁজে বেড়াচ্ছে। চরম আর্থিক সংকটে থাকা একটি ক্লাবের দলবদলে এত অর্থ খরচ করা দেখে অদ্ভুত লাগার কথা বলেছিলেন বায়ার্ন মিউনিখের কোচ ইউলিয়ান নাগলসমান। তবে আয়ের পথ বের করতেও পিছিয়ে নেই বার্সেলোনা। জুনে টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রির পর, এবার তারা বিক্রি করেছে আরও ১৫ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী সংস্থা সিক্সথ স্ট্রিটের কাছে গত মাসে ২০৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রি করে বার্সেলোনা। এক মাস না পেরোতেই আরো সেই সিক্সথ স্ট্রিটের কাছেই আরো ১৫শতাংশ বিক্রি করেছে বার্সা। যা কিনতে তাদের খরচ হবে ৩৩০ মিলিয়ন ইউরো। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৫ বছরের জন্য ক্লাবের টিভি স্বত্বের মোট ২৫ ভাগ সিক্সথ স্ট্রিট কিনে নিয়েছে।
টিভি স্বত্ব ছাড়াও মার্চেন্ডাইজ স্বত্বের ৪৯.৯৯ শতাংশও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। টিভি ও মার্চেন্ডাইজ স্বত্ব থেকে ৬০০ মিলিয়ন জোগাড় করতে পারছে ক্লাবটি। কিছুদিন আগে বার্সেলোনার আর্থিক কমিটির প্রধান এডুয়ার্দো রোমেউ বলেছিলেন ক্লাব বাঁচাতে ৫০০ মিলিয়ন ইউরোই যথেষ্ট। তবে বার্সেলোনা যোগাড় করে নিয়েছে ৬০০ মিলিয়ন ইউরো। এবার হয়তো ঘুরে দাঁড়াবে ক্লাবটি।
বার্সেলোনা এখন প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরই মধ্যে ২০ জুলাই প্রথম প্রীতি ম্যাচে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিকে ৬-০ গোলে পরাজিত করেছে কাতালান ক্লাবটি। পরবর্তী ম্যাচে ২৪ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে।
ঢাকা/এসএ





































