ইদে ৯ নয়, ছয় দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
- আপডেট: ০৮:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দুই বছর পর প্রায় করোনামুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। মাসজুড়ে সিয়াম সাধনা শেষে নাড়ির টানে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলেন বিনিয়োগকারীরা। কারণ আসন্ন ঈদ-উল-ফিতরকে ঘিরে পুঁজিবাজার প্রায় ৯ দিন বন্ধ থাকার কথা ছিল। তবে সেই আশায় গুড়েবালি। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে না। সে হিসেবে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মাত্র ছয় দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে বিএসইসির কর্মকর্তারা বলছেন, ব্যংক খোলা থাকলে পুঁজিবাজার খোলা থাকবে। যদি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৫ তারিখ ছুটি নাকচ করা হয়ে থাকে তবে ওই দিন ব্যাংকসহ পুঁজিবাজারও খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা।
সরকারি ক্যালেন্ডারে আগামী ২ থেকে ৪ মে তিন দিন ঈদের ছুটি নির্ধারিত আছে। তার আগে ১ মে শ্রমিক দিবস তথা মে দিবসের ছুটি। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবার মূলত ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল। মাঝখানে ৫ মে বৃহস্পতিবার অফিস খোলা। এর পর ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৫ মে ছুটি হলে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়বে দেশ।
ঈদের পর আগামী ৫ মে ছুটি হবে কিনা, সে বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। তারা বলছে একদিন ছুটি হলে টানা নয় দিন ছুটি কাটাতে পারবেন তারা। ছুটি বাড়লে ঈদযাত্রায় যানবাহনের চাপ কমানোসহ সবারই সুবিধা। আর তাই আগামী ৫ মে ছুটির বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা নয় দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে ছুটি নিতে হবে। আর কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকে ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের বলেন, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবে, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবে। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।
তিনি বলেন, কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সব ছুটি তার ছুটি থেকে কাটা যাবে।
ঢাকা/এসআর


































