ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু মঙ্গলবার
- আপডেট: ১০:২৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১০৭৬৮ বার দেখা হয়েছে
ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে আসার অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল ১২ জানুয়ারি, মঙ্গলবার। আবেদন গ্রহণ চলবে ১৮ জানুয়ারি, সোমবার পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রোকারেজ হাউজগুলোতে আইপিওর আবেদন গ্রহণ করা হবে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। এই টাকায় বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০.৫৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।



































