ঈদ উপলক্ষে বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআইয়ের
- আপডেট: ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১০৩৩৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
শনিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআইয়ের পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল, হারুন অর রশীদ, মোহাম্মদপুর টাউন হল সিটি করপোরেশন বাজার সমিতির সভাপতি মো. লুত্ফর রহমান (বাবুল) ও সাধারণ সম্পাদক মো. মুসলিম উদ্দিন শিকদার প্রমুখ।
এ সময় ভোগ্যপণ্যের বৈশ্বিক বাজারের সংকটকে পুঁজি করে দেশীয় বাজারকে অস্থির না করার আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষভাবে তদারকি করার নির্দেশনা দেন তিনি।
তিনি আরো জানান, কোরবানির ঈদকে সামনে রেখে মসলা সংকটের কোনো তথ্য পাওয়া যায়নি। যদি কোনো ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেন, এফবিসিসিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবে। এছাড়া চিনি, লবণ, আটা, ময়দা ইত্যাদি পণ্যের ডিলারদের তালিকা এফবিসিসিআইতে পাঠানোর জন্য মিলমালিকদের আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা।
সভায় বাজার সমিতিগুলোকে দোকানিদের নিয়ে মসলা, লবণ, চিনি ইত্যাদি খাতভিত্তিক সভা করা, দোকানে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানোসহ বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সমন্বয় রেখে সীমিত মুনাফায় ব্যবসা পরিচালনা করতে সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ১৫ দিন পরপর সয়াবিন তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়।
মো. লুত্ফর রহমান (বাবুল) জানান, যেসব দোকানি পণ্য মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করেছে, সমিতি তাদের দোকান বন্ধ করে দিয়েছে। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে ভবিষ্যতেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করবে।
বাজারে স্থিতিশীলতা রাখতে প্রয়োজনের তুলনায় বাড়তি পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব।
ঢাকা/টিএ


































