উইন্ডিজ যাওয়া হলো না সুজনের, ফিরেছেন দেশে
- আপডেট: ০২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া হলো না বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। শারীরিক অসুস্থতার কারণে কাতারের দোহা থেকে দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ শীর্ষস্থানীয় পরিচালক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ৮ জুন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন খালেদ মাহমুদ সুজন। বাকি দুইজন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন সুজন।
রক্তচাপজনিত সমস্যার কারণে কাতারের দোহায় ট্রানজিট থেকে আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি সুজন। ফিরে এসেছেন দেশে। বর্তমানে নিজ বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সুজন ভাই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাতার থেকে দেশে ফিরে এসেছেন তিনি। ডাক্তারের পরামর্শে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।’
সুজন ফিরে এলেও তার জায়গায় বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজামকে পাঠাচ্ছে বোর্ড। আগামী বুধবার উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
ঢাকা/এসএম





































