কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে নানান পোশাক গায়ে মাতিয়ে রেখেছিলেন তামান্না। দেশ-বিদেশের তারকাদের ভিড়েও সবার নজর কেড়েছিলেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি কান চলচ্চিত্র উৎসবের কথাও বলেছেন। এই বলিউড তথা দক্ষিণি তারকা বলেন, ‘এই চলচ্চিত্র উৎসবে ভারতের অনেক আঞ্চলিক সিনেমা প্রদর্শন করা হয়েছে। সেখানে কিন্তু কেউ বলেনি যে দক্ষিণি বা অন্য কোনো ভাষার ছবি। তারা কেবল ভারতীয় সিনেমা বলে সম্বোধন করেছিল। দেশের বাইরে পা রাখার পর সমগ্র চিত্রটা যেন বদলে যায়। আমাদের এখানেই এই সব ভেদাভেদের কথা শোনা যায়।’
উত্তর ও দক্ষিণ এই দুই ছবির দুনিয়ায় সমানভাবে সক্রিয় তামান্না। দীর্ঘ সময় ধরে এই দুই ইন্ডাস্ট্রির মধ্যে সমতা বজায় রেখে এসেছেন তিনি। তাই তাঁর গায়ে এখনো লাগেনি ‘দক্ষিণি’ বা ‘বলিউড’ নায়িকার তকমা। তামান্না এই সূত্র ধরে বলেন, ‘আমার মনে হয়, ভাষা যে কোনো অন্তরায় নয়, তার সবচেয়ে বড় উদাহরণ আমি নিজে। আমি মুম্বাইয়ের মেয়ে। সিন্ধি পরিবারে আমার জন্ম। এদিকে অসংখ্য মানুষ মনে করে যে আমি দক্ষিণ ভারতীয়। আমি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু সমানভাবে বলতে পারি। আর আমি আমার ক্যারিয়ারের অধিকাংশ সময় দক্ষিণে কাটিয়েছে।
তামান্নার ঝুলিতে এখন তিনটি বলিউড ছবি। আগামী দিনে তাঁকে ‘বোলে চুড়িয়া’, ‘প্ল্যান এ প্ল্যান বি’, আর ‘বাবলি বাউন্সার’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া তেলেগু ছবি ‘ভোলা শঙ্কর’-এ তামান্নাকে দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।
ঢাকা/টিএ




































