‘উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছেন’
- আপডেট: ০৭:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে বলে জানিয়েছেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের অতিরিক্ত সচিব।
তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইভিএমে ভোট পড়েছে ৬১ শতাংশ এবং ব্যালটে পড়েছে ৬৫ শতাংশ। ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ওভারঅল নির্বাচন ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নির্বাচন কেমন হলো জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, সোমবার ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এতে ব্যালট পেপারে বিকাল সাড়ে পাঁচটার তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। আর ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। গণনা শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে যারা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে স্থায়ী বরখাস্ত করা হবে।
অশোক কুমার বলেন, দু’জন ব্যক্তি নির্বাচনি সহিংসতায় মারা গেছেন। তারা ভোটকেন্দ্রের বাইরে স্থানীয় গোষ্ঠীর মধ্যে মারামারিতে নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে স্থানীয় প্রশাসন।
তিনি বলেন, নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংগঠিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে থাকি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
ঢাাকা/টিএ


































