করোনায় সিএসআরে ভিন্ন চিত্র
- আপডেট: ১২:১৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৩০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনার কারণে তৈরি সংকট মোকাবিলায় গত বছর ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় বাড়ানোর নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকের নিজস্ব বরাদ্দের পাশাপাশি নিট আয়ের ১ শতাংশ এ খাতে অতিরিক্ত ব্যয় করতে বলা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে ২০৮ কোটি টাকা বা ২১ দশমিক ৫৩ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্যাংকগুলো সিএসআর খাতে ব্যয় করেছে ৭৫৯ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৬ মাসে ব্যয় হয় ৪৬১ কোটি ৪২ লাখ টাকা। পরের ৬ মাসে তা ব্যাপক কমে ২৯৮ কোটি টাকায় নেমেছে। এর আগে ২০২০ সালে এ খাতে ৯৬৮ কোটি টাকা ব্যয় করে ব্যাংকগুলো। যার মধ্যে প্রথম ৬ মাসে ব্যয় হয় ৫১৭ কোটি টাকা। শেষ ৬ মাসে ছিল ৪৫১ কোটি টাকা। কোনো ব্যাংক সিএসআর খাতে যে ব্যয় করবে তার অন্তত ৩০ শতাংশ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে এবং ২০ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনা করার নির্দেশনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২১ সালে শিক্ষা খাতে মাত্র ৫৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। মোট সিএসআর ব্যয়ের যা মাত্র ৭ দশমিক ১৮ শতাংশ। স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে ৩১২ কোটি টাকা বা মোটের ৪১ দশমিক ১১ শতাংশ। আর দুর্যোগ ব্যবস্থাপনায় ২৬৭ কোটি টাকা বা ৩৫ দশমিক ১২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, কোনো ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হলে কেবল সিএসআর খাতে ব্যয় করতে পারে। কতটুকু ব্যয় করবে তা নির্ভর করে ব্যাংকের ওপর। তবে খাতভিত্তিক নির্ধারিত হারে ব্যয় করতে হবে। কোনো ব্যাংক নির্ধারিত হারে ব্যয় না করলে তার নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকটির ক্যামেলস রেটিং এবং সাসটেইনেবল রেটিংয়ের ওপর।
বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি সিএসআর ব্যয় করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ২০২১ সালে ব্যাংকটির সিএসআর ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৬ কোটি টাকা। ব্যাংক খাতের মোট সিএসআর ব্যয়ের যা ২০ দশমিক ৪৮ শতাংশ। আগের বছর ইসলামী ব্যাংকের ব্যয় ছিল ৮৬ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ কোটি টাকা ব্যয় করেছে এক্সিম ব্যাংক। আগের বছর ব্যাংকটির ব্যয়ের পরিমাণ ছিল ৮১ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ৪৬ কোটি টাকা ব্যয় করেছে ন্যাশনাল ব্যাংক। আগের বছর তাদের ব্যয়ের পরিমাণ ছিল ৫২ কোটি টাকা।
জানতে চাইলে সিএসআর ব্যয়ের শীর্ষে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা সংবাদ মাধ্যমকে বলেন, জন্মলগ্ন থেকে ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কার্যক্রম করে আসছে। ব্যাংকটির আয়ের নির্দিষ্ট একটি অংশের পাশাপাশি শরিয়াহ পরিপালনে সংশয় থাকা অর্থ সিএসআর খাতে ব্যয় করা হয়। এ ছাড়া জাকাত তহবিলও এ খাতে ব্যয় করা হয়। ফলে তুলনামূলকভাবে ইসলামী ব্যাংক সিএসআর খাতে বেশি ব্যয় করে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নিময়ম মেনে তারা ব্যয় করে থাকে।
ঢাকা/টিএ




































