কাঁচাপাটের উৎপাদন সন্তোষজনক: পাটমন্ত্রী
- আপডেট: ০৫:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০৩৩০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছর কাঁচাপাটের উৎপাদন সন্তোষজনক বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট) তসলিম কানিজ নাহিদা, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সভাপতি শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু মিয়াসহ অ্যাসোসিয়েশনের নেতারা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ বছর পাট মৌসুম শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাপাট বাজারে আসতে শুরু করেছে। এ মৌসুমে কাঁচাপাটের উৎপাদনও সন্তোষজনক। পাট চাষিরা ভাল পাটের ভালো দাম পাবেন।
কোন কারণে যেন কাঁচাপাটের দাম অসহনীয় না হয়, সেজন্য সর্বদা কাঁচাপাটের বাজার পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাটকলগুলো নিরবচ্ছিন্নভাবে পাট সংগ্রহ করতে পারছে, যা রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। লাইসেন্স বিহীন অসাধু ব্যবসায়ীদেরকে কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে বিরত রাখা, ভেজাপাট ক্রয়-বিক্রয় রোধ করা, বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এ শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য তালিকায় কাঁচাপাট অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণের সিদ্ধান্ত হয়।
ঢাকা/টিএ






































