কোহিনুর, লুব-রেফ ও লিগাসি ফুটওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১২:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১০৩৭২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ), লুব-রেফ বাংলাদেশ এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড।
জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য যথাক্রমে ৫০, ১০ এবং ১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠান তিনটি। সোমবার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
ডিএসইর তথ্য মতে, গত ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে কোহিনুর কেমিক্যালের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫৪ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ডিভিডেন্ড, আর বাকি ১৫ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
এর আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭ টাকা ৫৭ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল কোহিনুর। এর মধ্যে ৩৫ শতাংশ ছিল নগদ আর ১০ শতাংশ বোনাস শেয়ার ডিভিডেন্ড দিয়েছিল।
চলতি বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া লুব-রেফ বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে ইপিএস করেছে ৩ টাকা ৪১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ৩ টাকা ৪১ পয়সা লাভ করেও শেয়ারহোল্ডারদের মাত্র ১ টাকা মুনাফা দেওয়া হচ্ছে। কোম্পানিটি এর আগের বছর শেয়ার প্রতি মুনাফা করেছিল ২ টাকা ৫৭ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগাসি ফুটওয়ার লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা।
ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে কোম্পানটির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ঢাকা/এমটি






























