গ্যাসের দাম নির্ধারণে গণশুনানি শুরু সোমবার
- আপডেট: ০৭:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবের ওপর সোমবার থেকে গণশুনানির আয়োজন করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির এই গণশুনানি বন্ধের আহ্বান জানিয়েছে বামদলগুলো। বাম গণতান্ত্রিক জোট রোববার কাওরান বাজারে বিইআরসি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানের অসনীয় দুর্মূল্যের বাজারে নতুন করে আবার গ্যাসের দাম বাড়ালে গণদুর্ভোগ সৃষ্টি করবে। বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।
সাইফুল হক বলেন, জিনিসপত্রের অগ্নিমূল্যের কারণে মানুষ যখন পুড়ছে তখন গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা জনগণের ওপর নতুন গজবের শামিল। বিদ্যুৎ-গ্যাস চুরি দুর্নীতির দায়ভার গ্রাহকের ওপর চাপানোর চেষ্টা চলছে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, গ্যাসের উত্তোলন সামর্থকে কাজে লাগাতে পারলে এবং সিস্টেম লস কমাতে পারলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না।
রাজেকুজ্জামান রতন বলেন, গ্যাস কোম্পানিগুলো যখন মুনাফা করছে তখন গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নেই।
অন্যদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ রোববার এক বিবৃতিতে গণশুনানি বন্ধের আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ৬টি গ্যাস বিতরণ কোম্পানিই লাভজনক থাকার পরও দাম ১১৭% বাড়ানোর অযৌক্তিক প্রস্তাব করা হয়েছে।







































