জাতীয় পতাকা বিধি মেনে চলার আহ্বান
- আপডেট: ০৭:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ১০৫১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় পতাকা উত্তোলনে যথাযথ বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে এ আহ্বান জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’ এর বিধি ৩ অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্রবিন্দু হবে।’
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনে যথাযথ বিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার শামিল বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন:ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক







































