জিডিপিতে পুঁজিবাজারের অবদান শতভাগ বাড়াতে হবে: বিএসইসি কমিশনার
- আপডেট: ১০:১৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামি ৫ থেকে ৭ বছরের মধ্যে আমাদেরকে জিডিপিতে শতভাগ অবদান বাড়াতে হবে। এর জন্য মার্কেটে আরও ৫ গুণ কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। এর জন্য ইস্যু ম্যানেজারসহ সবাইকে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।
সোমবার (১১ অক্টোবর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিএপিএলসির সভাপতি আজম জে চৌধুরী।
ড. শেখ সামসুদ্দিন বলেন, বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো মানের ও বিশ্বাসযোগ্য কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে। শেয়ারবাজারের আকার বাড়াতে অনেক কোম্পানি তালিকাভুক্ত করা দরকার। এজন্য আমাদের প্রয়োজন সঠিক নিরীক্ষা প্রতিবেদন। তবে আমরা প্রায়ই আর্থিক হিসাবে বাস্তব অবস্থার প্রতিফলন পাই না। যে কারণে আমাদের সঠিক নিরীক্ষিত আর্থিক হিসাব খুবই দরকার।
বিএসইসির বলেন, ভারতের শেয়ারবাজারে ৫২০০ কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। যার সংখ্যা ভিয়েতনামে ৭৫০টি। কিন্তু বাংলাদেশের এর সংখ্যা মাত্র ৩৮৮টি, সেটাও মিউচ্যুয়াল ফান্ডসহ। এই অবস্থায় জিডিপি টু মার্কেট ক্যাপিটাল রেশিও বাড়াতে হলে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ানো দরকার। কারন আমাদের জিডিপি টু মার্কেট ক্যাপিটাল রেশিও মাত্র ২১ শতাংশ। যেখানে ভারতে ৭৬ শতাংশ ও ভিয়েতনামে ৫৭ শতাংশ।
বিএসইসির এই কমিশনার বলেন, তালিকাভুক্ত হওয়ার পরেও একটি কোম্পানির অনেক দায়িত্ব থাকে। এর মধ্যে সঠিক মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করা অন্যতম। তবে মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম পাওয়া যায়। আমাদেরকে সঠিক পিএসআই প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। একটি কোম্পানিতে পরিচালনা পর্ষদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কোম্পানিতে সুশাসন প্রতিষ্ঠায় তাদেরকে কাজ করতে হবে। এটা শুধু বিএসইসির দায়িত্ব না।
তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি কাজ করে যাচ্ছে। এজন্য আমরা নিয়মিত আইন-কানুন করে যাচ্ছি। যা শেয়ারবাজারের পরিবেশ উন্নয়নসহ এগিয়ে নিতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন এমসিসিআই সভাপতি নিহাদ কবির, ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা। আর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটালের প্রধান নির্বাহি কর্মকর্তা আশরাফ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ।
ঢাকা/এসআর































