দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তাইজুলের ১৫০
- আপডেট: ০৭:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেট শিকার করেছে প্রথম ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া তাইজুল। তার নজরকাড়া বোলিং সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ইনিংস শেষ করার আগে জড়ো করেছে ৪৫৩ রান। টেস্ট ক্যারিয়ারে ১৫০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছে অভিজ্ঞ এ স্পিনার। টেস্টে বাংলাদেশের হয়ে তাইজুলের চেয়ে বেশি উইকেট কেবল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার ৫৯ ম্যাচে নিয়েছেন ২১৫ উইকেট। তবে তার এমন অনন্য কীর্তির দিনেও বলতে গেলে স্বাগতিকদের রানপাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
২০১৮ সালের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেট পেলো কোনো বাংলাদেশি। ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারায় দুটি উইকেট। আগের ম্যাচের নায়ক কেশব মহারাজ এই ম্যাচে ব্যাটারের ভূমিকায় অবতীর্ণ হন। ৮ নম্বরে নেমে খেলেন ৮৪ রানের ঝলমলে এক ইনিংস।
ওয়ানডে মেজাজে খেলে ৯৫ বলে গড়া এই ইনিংস থামে তাইজুল ইসলাম ইনিংসে তার ৫ম উইকেট শিকার করলে। তবে ততক্ষণে দলীয় সংগ্রহ পেরিয়ে গেছে চারশ। এরপর তাইজুল শিকার করেন আরও একটি উইকেট। শেষ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। বাকি তিনটি উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ।
অন্যান্যদের মধ্যে অধিনায়ক ডিন এলগার ৭০, টেম্বা বাভুমা ৬৭ ও কিগান পিটারসেন ৬৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যাওয়ার সাথে ঘোষণা করা হয় দ্বিতীয় সেশনের সমাপ্তি।
ঢাকা/এসএ





































