ধর্ম অবমাননার অভিযোগে লোহাগড়ায় তরুণ গ্রেপ্তার
- আপডেট: ১১:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় মহানবী (সা:) কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে খুলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ সাহা লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন রোববার সকালে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলে, পরে বিস্তারিত জানানো হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে। ওইদিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।
বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাংচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘরটি পুড়ে গেছে। এছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুরসহ ইট ছুঁড়েছে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি করেছে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলে, বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
ঢাকা/এসএ






































