নাসিক নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে: প্রধানমন্ত্রী
- আপডেট: ০৬:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এ অঞ্চলের মানুষের অধিকার রক্ষায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দল ক্ষমতায় এসেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি নাসিকের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথবাক্য পাঠ করানোর পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশে অর্থাৎ এই অঞ্চলে অর্থাৎ এই ভুখণ্ডে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপিড়ীত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দল ক্ষমতায় এসেছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সব শ্রেণি পেশার মানুষকে অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, এ সিটি করপোরেশন নির্বাচন আমি মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে, শান্তিপূর্ণ ভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নারায়ণগঞ্জে নির্বাচিত আওয়ামী লীগসহ অন্যান্য দলের কাউন্সিলরদেরও আন্তরিক অভিনন্দন জানান শেখ হাসিনা। জনকল্যাণে এসব জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, একটি কথা মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়েছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, জনগণের সেই আস্থা-বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে।
ঢাকা/এমআর


































