‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রযুক্তির সন্নিবেশ অব্যাহত থাকবে’
- আপডেট: ০৬:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০৩০৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রযুক্তির সন্নিবেশ বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (১৪ জুন) ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন নিয়ন্ত্রণে ফ্রি গভর্নর মুড অব অপারেশন (এফজিএমও) শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে নানারকম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর জন্য ফ্রিকোয়েন্সি ওঠানামা করতে পারে। মানসম্মত বিদ্যুতের জন্য গ্রিড স্ট্যাবিলিটি ও ফ্রিকোয়েন্সি স্ট্যাবিলিটি রাখা অপরিহার্য।’
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে ক্ষুদ্র পরিসরে এসব কর্মশালা বা সেমিনার করতে পারলে ভালো ফল পাওয়া যেতে পারে। আগামী দিনে পারমাণবিক বিদ্যুৎ আসবে, নবায়নযোগ্য জ্বালানির অংশ উত্তরোত্তর বাড়ছে। গ্রিডের ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন নিয়ন্ত্রণ করা অপরিহার্য।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল ইসলাম ও ইরানের আমির কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেহেদি কারারি।
বিপিএমআইয়ের রেক্টর মো. মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিপিএমআইয়ের সদস্য মো. গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। এ সময় পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সঞ্চালন, বিতরণ ও উৎপাদন খাতের কোম্পানিগুলোর দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।







































