দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
দিবসের তাৎপর্য তুলে ধরে অনেক সংবাদপত্র ও অনলাইন বিশেষ সংখ্যা বের করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
করোনার ধকল কাটিয়ে এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে এসেছিল। চাঁদরাত পর্যন্ত দেদারসে কেনাকাটা হয়েছে। তবে এবার পোশাকের দাম বেশি ছিল বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রীও বিক্রি হয়েছে।
ঈদে ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীতে র্যাব ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।
ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
বৈশ্বিক করোনা মহামারির দু’বছর পর এবার স্বাস্থ্যবিধির নিষেধাজ্ঞা ছাড়াই পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আনন্দঘন পরিবেশে। ঈদ জামাতগুলোতে মুসল্লিদের নামবে ঢল। দু’বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে এরই মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ঈদ জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।
সংসদ ভবনে ঈদের জামাত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরিফে সকাল ৮টা ও সাড়ে ৯টায়, বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে উম্মে কুলসুম জামে মসজিদ (সি ব্লক) সকাল সোয়া ৭টায়, সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল সাড়ে ৮টায় ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা/টিএ


































