পাঁচ বছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন
- আপডেট: ০২:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১০৩১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্থবছর (২০২১-২২) প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৫.৩১ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার।
এদিকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানায়, প্রথম দিকে এডিপি বাস্তবায়ন কম হলেও বছর শেষে এ হার অন্যান্য সময়ের চেয়ে বাড়বে। আইএমইডির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে দেশে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। যার প্রভাব এডিবি বাস্তবায়নে পড়েছে। প্রকল্প বাস্তবায়ন হার গত সেপ্টেম্বরে ছিল মাত্র ১ দশমিক ৪৮ শতাংশ। যেখানে আগের বছর একই সময়ে বাস্তবায়ন হার ছিল চার দশমিক ১৭ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮.২৫ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ৫.৩১ শতাংশ। চলতি অর্থবছরে স্বাস্থ্য মন্ত্রণালয় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। কিন্তু বরাদ্দ বেশি নিয়েও অর্থবছরের শুরুর প্রথম তিন মাসে মন্ত্রণালয়টি বাস্তবায়ন করেছে মাত্র ১.৩১ শতাংশ।
আইএমইডি সূত্রে জানা গেছে, করোনা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও অর্থ ব্যয় করতে পারছে না স্বাস্থ্যখাত। জুলাই-সেপ্টেম্বর মাসে এ খাতে প্রকল্প বাস্তবায়ন হার মাত্র ১ দশমিক ৩১ শতাংশ। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে চলতি এডিপিতে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত মন্ত্রণালয় হলো স্বাস্থ্যখাত। ৪৬ প্রকল্পের জনস্বাস্থ্য সেবাখাতে বরাদ্দ ১৩ হাজার কোটি ১৯ লাখ টাকা। প্রথম তিন মাসে খরচ করতে পেরেছে মাত্র ১৭০ কোটি ১৬ লাখ টাকা। যা মোট বরাদ্দের ১ দশমিক ৩১ শতাংশ। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বরাদ্দ ছিল ২ হাজার ৫৫৮ কোটি ৩ লাখ টাকা। তিন মাসে ব্যয় হয়েছে ৬ দশমিক ১৮ শতাংশ বা ১৫৮ কোটি ১ লাখ টাকা। ২১৪টি প্রকল্পের বিপরীতে স্থানীয় সরকার বিভাগের জন্য থোক বরাদ্দসহ রয়েছে ৩৩ হাজার ৯০১ কোটি টাকা। ব্যয় হয়েছে মাত্র ৭ দশমিক ৪৭ শতাংশ বা ২ হাজার ৫৩২ কোটি ৮৪ লাখ টাকা।
এ প্রসঙ্গে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, যেকোনো অর্থবছরের প্রথম দিকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ছাড়া আর কোনো খরচ থাকে না। যখন থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া শুরু হয় ঠিক তখন থেকেই বাস্তবায়ন হার বাড়তে থাকে। এ জন্য আমি বলব অর্থবছর শেষে এডিপি বাস্তবায়ন হার অন্যান্য বছরের তুলনায় ভালো হবে।
তবে বিদ্যুৎখাতের ৭৫টি প্রকল্পের বিপরীতে এ বছর বরাদ্দ আছে ২৮ হাজার ৫৬ কোটি ২৬ লাখ টাকা। তিন মাসে তাদের খরচ হয়েছে ২ হাজার ৩৫১ কোটি ২৪ লাখ টাকা বা ৮ দশমিক ৩৮ শতাংশ।
ঢাকা/এমটি



































