পুঁজিবাজারে পাঁচ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ: বাংলাদেশ ব্যাংক
- আপডেট: ০৫:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১০৩৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার কারসাজিতে ওই পাঁচ ব্যাংকের সঙ্গে এর আরও একটি বিদেশি ব্যাংকও জড়িত রয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পুঁজিবাজারের ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। আর বিদেশি ব্যাংকটি হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
ডলার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকের ট্রেজারি বিভাগের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি বলেন, ট্রেজারি অপারেশনে অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে ডলারের কারসাজি রোধে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহ পর্যন্ত কারসাজির অপরাধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
পাশাপাশি ৪২টিকে শোকজ করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা করায় ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ডলার বাজারে কারসাজি রোধে অভিযান অব্যাহত রয়েছে। স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলবে।
ঢাকা/টিএ































