প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আপডেট: ০৬:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এবং লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্যারিসের স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হবে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন ম্যাক্রোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করবেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসবেন। উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।
শেখ হাসিনা এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। এলিসি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করবেন।
এরপর প্রধানমন্ত্রীর ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যাবেন। দুই নেতা একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এর আগে গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন। খবর বাসস।
ঢাকা/এমটি



































